কুষ্টিয়ার কোর্ট রেলওয়ে স্টেশনে স্টাফের বিরুদ্ধে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের ঘটনার তদন্তে পাকশী বিভাগের পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন।
কুষ্টিয়ার কোর্ট রেলওয়ে স্টেশনে ট্রেনের এক স্টাফের বিরুদ্ধে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ঘটনার তদন্তে পাকশী বিভাগের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ঘটনায় ক্ষুব্ধ যাত্রী ও স্থানীয়দের বিক্ষোভে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট কুষ্টিয়া কোর্ট স্টেশনে আটকে থাকে। আহতরা হলেন শফিউল আওয়াল সুমন (৪০) ও তার বাবা আব্দুর রহিম (৬৫)। ঘটনার পর তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টা ২৫ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস কুষ্টিয়া কোর্ট স্টেশনে পৌঁছায়। নির্ধারিত বিরতি শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে ট্রেনটি স্টেশন ত্যাগ করে। তবে মাত্র তিন মিনিট পর, দুপুর ১২টা ৩৩ মিনিটে এসি চেইন পুল করে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়।
সূত্রের দাবি, ট্রেনের স্টাফ ও কয়েকজন যাত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে চেইন পুল করা হয়। পরে ট্রেনটি দুপুর ২টা ১৩ মিনিট পর্যন্ত স্টেশনে অবস্থান করে। এতে প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট ট্রেন চলাচল ব্যাহত হয় এবং সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।
এদিকে, বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগে ক্ষুব্ধ যাত্রী ও স্থানীয় জনতা বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং ট্রেনটি আটকে দেওয়া হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, ঘটনার তদন্তে সিআরএনবি, ডিটিও, ডিসিও, ডিএমই (সি অ্যান্ড ডব্লিউ) এবং ডিএমওকে নিয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে ঘটনাস্থলে কাজ শুরু করেছে বলে তিনি জানান।
তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
TrainS Of Rajbari