রাজবাড়ী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড়
পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। রাজবাড়ী রেলওয়ে স্টেশন দিয়ে ঢাকাগামী প্রত্যেকটি ট্রেনের ভিতরে ও দরজায় জীবনের ঝুঁকি নিয়ে ঝুলে থাকা যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। আজ ১লা জুন ২০২৬ রাজবাড়ী রেলওয়ে স্টেশনে গিয়ে এমন চিত্র দেখা গিয়েছে।
রাজবাড়ী রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেসের যাত্রীরা রাজবাড়ী রেলস্টেশনে অপেক্ষা করছে। প্লাটফর্মে বসার জায়গা না পেয়ে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। যাত্রীদের নিরাপত্তার জন্য স্টেশনজুড়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশের পাশাপাশি স্কাউট সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে।
ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী রেলওয়ে স্টেশনে সকাল ১০টা ৫০ মিনিটে প্রবেশ করার কথা থাকলেও ট্রেনটি ৬ মিনিট বিলম্বে বেলা ১০ টা ৫৬মিনিটে রাজবাড়ী রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফর্মে প্রবেশ করে। ট্রেনটিতে তখনই ভিতরে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে এবং দরজাগুলোতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দরজার সামনে অতিরিক্ত ভিড় হওয়ায় কারণে ট্রেনের ভিতরের যাত্রীরা নামতে পারছিল না। ট্রেন প্লাটফর্মে দাঁড়ালে যে যেভাবে পারলেন ট্রেনে উঠে। সরেজমিনে আরও দেখা যায়, ট্রেনটি ১১ টা ১২ মিনিটে রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনের ভিতরসহ দরজায়ও উপচে পড়া ভিড়।
১ নম্বর প্লাটফর্মে মধুমতি এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করা একজন বলেন, আমি চাকরি করি, আজ থেকে অফিস শুরু, গত ঈদে দৌলতদিয়াতে বাস দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছে। এছাড়াও ঈদের আগে পরে সড়ক দুর্ঘটনা বেশি হয়। ট্রেন যাত্রা নিরাপদ। এজন্য ভিড় হলেও একটু নিরাপদে যেতেই ট্রেনে যাচ্ছি। একাধিক যাত্রী অভিযোগ করে বলেন, রাজবাড়ী রেলওয়ে স্টেশনে বসার কোন জায়গা নেই, থাকতে হচ্ছে দাঁড়িয়ে। এদিকে ট্রেন সময় মত আসছে না। কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় এভাবে। অনেক বৃদ্ধ মানুষকে দেখা যাচ্ছে স্টেশনে দাঁড়িয়ে থাকতে। কর্তৃপক্ষ যেন যাত্রীদের বসার ব্যবস্থা রাখে।
রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান বলেন, পবিত্র ঈদুল আযহার ছুটি কাটিয়ে মানুষ কর্মস্থলে ফিরছে। ঈদযাত্রায় যাত্রীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। ঢাকাগামী সব ট্রেনে ভিড় দেখা যাচ্ছে। যাত্রীদের নিরাপত্তার জন্য স্টেশনজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে এবং আমাদের স্টেশনে পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগানো রয়েছে।